ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

ভক্তদের ভালোবাসায় অভিভূত, এই সমর্থনই আমার অনুপ্রেরণা : শাকিব

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৫:৪৭ বিকাল  

ছবি: সংগৃহিত

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান জন্মদিনে পাওয়া ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় অভিভূত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি বলেন, এই ভালোবাসাই তার শক্তি, আর ভক্তদের সমর্থনই তার কাজের অনুপ্রেরণা।

গত শনিবার (২৮ মার্চ) ছিল এই মেগাস্টারের জন্মদিন। দিনটি উপলক্ষে দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। সেই উচ্ছ্বাসের প্রতিক্রিয়ায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানান শাকিব।

পোস্টে তিনি লিখেছেন, জন্মদিনে পাওয়া ভালোবাসা ও শুভেচ্ছায় তিনি এখনও অভিভূত। পাশে থাকার জন্য এবং দিনটিকে উষ্ণতায় ভরিয়ে দেওয়ার জন্য ভক্ত ও গণমাধ্যমের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান তিনি। একইসঙ্গে প্রতিশ্রুতি দেন, দর্শকদের জন্য সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাবেন।

এদিকে, ঈদে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত ‘প্রিন্স’ সিনেমা দিয়ে বর্তমানে প্রেক্ষাগৃহে দারুণ সাড়া ফেলেছেন শাকিব খান। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এরই মধ্যে ভক্তদের জন্য নতুন চমকও নিয়ে এসেছেন এই নায়ক। নিজের জন্মদিনেই প্রকাশ করেছেন আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্ট লুক পোস্টার। পূর্ব ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়েই পোস্টারটি প্রকাশ করে ভক্তদের উপহার দেন তিনি।

বর্তমানে মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন শাকিব খান। সেখানেই সহকর্মীদের সঙ্গে জন্মদিন উদযাপন করেন তিনি। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, কেক কেটে হাস্যোজ্জ্বল মুহূর্তে সময় কাটাচ্ছেন এই জনপ্রিয় তারকা।

বাংলাধারা/এসআর