প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বাতিলের ঘোষণা
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৪:২২ দুপুর
ছবি: সংগৃহিত
বিদ্যুতের প্রিপেইড মিটারে আর মাসিক ভাড়া বা মিটার চার্জ দিতে হবে না, এমন ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। গ্রাহক স্বস্তি বাড়াতে দ্রুতই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারের চার্জ নিয়ে দীর্ঘদিন ধরে গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
তিনি জানান, “গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে আমরা প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে দিচ্ছি। এতে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন।”
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট হারে মিটার ভাড়া পরিশোধ করতে হয়। যদিও অনেকের অভিযোগ, মিটারের মূল খরচ ওঠার পরও বছরের পর বছর এই চার্জ আদায় করা হচ্ছে।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্মে সমালোচনা বাড়ছিল। গ্রাহকদের একটি বড় অংশ দীর্ঘদিন ধরেই এই চার্জ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।
বর্তমান কাঠামো অনুযায়ী, প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজে মিটার ভাড়া ৪০ টাকা নির্ধারিত রয়েছে। এর সঙ্গে অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাটও যুক্ত হয়।
সরকারের নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসিক ব্যয় কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাধারা/এসআর
