ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা

ইরানের জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৭:৩৮ বিকাল  

ছবি: সংগৃহিত

হরমুজ প্রণালি অবিলম্বে উন্মুক্ত না করলে ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য লক্ষ্য হিসেবে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলক্ষেত্র এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপের নাম উল্লেখ করেছেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আলোচনায় অগ্রগতি হলেও দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ আরও জোরদার করতে পারে। একইসঙ্গে তিনি সতর্ক করে দেন, হরমুজ প্রণালি ‘বাণিজ্যের জন্য উন্মুক্ত’ না করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্প লিখেছেন, “অনেক অগ্রগতি হয়েছে। তবে যদি দ্রুত কোনো চুক্তি না হয়—যা সম্ভবত হবে—এবং যদি হরমুজ প্রণালি অবিলম্বে খুলে না দেওয়া হয়, তাহলে আমরা ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলকূপ এবং খারগ দ্বীপে হামলা চালিয়ে আমাদের অবস্থান শেষ করব।”

বিশ্ব জ্বালানি বাজারে খারগ দ্বীপের গুরুত্ব অপরিসীম। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপের মাধ্যমে সম্পন্ন হয়। এখান থেকে প্রতিদিন প্রায় ১৩ থেকে ১৬ লাখ ব্যারেল তেল আন্তর্জাতিক বাজারে পাঠানো সম্ভব, যার বড় অংশই যায় চীনসহ এশিয়ার বিভিন্ন দেশে।

মাত্র ৮ কিলোমিটার দীর্ঘ এবং ৪-৫ কিলোমিটার প্রস্থের ছোট এই দ্বীপটিতে রয়েছে বিশাল তেল সংরক্ষণ ট্যাঙ্ক, জটিল পাইপলাইন নেটওয়ার্ক এবং গভীর সমুদ্রবন্দর সুবিধাসম্পন্ন লোডিং টার্মিনাল, যা একে ইরানের জ্বালানি রপ্তানির কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

এর আগে ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমস-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের তেল খাতের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহের কথাও জানান। এমনকি প্রয়োজনে মার্কিন বাহিনী ওই রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এরপরই সামাজিক মাধ্যমে তার এই কঠোর হুঁশিয়ারি নতুন করে উত্তেজনা বাড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে।

বাংলাধারা/এসআর