পাম্পে পাম্পে ঘুরেও তেল মিলছে না, সংসদে এমপিদের ক্ষোভ
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৬, ০৭:৪৫ বিকাল
ছবি: সংগৃহিত
দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি তেলের সংকট নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। তাদের অভিযোগ, সরকারিভাবে সংকট না থাকার কথা বলা হলেও মাঠের বাস্তবতা ভিন্ন, অনেক জায়গায় পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশে আলোচনায় অংশ নিয়ে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম এ অভিযোগ তোলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
আনোয়ারুল ইসলাম বলেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই, এমন বক্তব্য শোনা গেলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। “আমি নিজেই আজ কয়েকটি পেট্রোল পাম্পে ঘুরেছি, কিন্তু আমার গাড়ির জন্য তেল পাইনি। তাহলে সাধারণ মানুষের দুর্ভোগ কতটা, তা সহজেই বোঝা যায়,” বলেন তিনি।
তার বক্তব্যে সমর্থন জানিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম বলেন, তার এলাকাতেও একই অবস্থা বিরাজ করছে। পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে না, অথচ খোলা বাজারে বোতলে করে বাড়তি দামে তেল বিক্রি হচ্ছে। এতে মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ বাধ্য হয়ে বেশি দামে তেল কিনছেন এবং চরম ভোগান্তিতে পড়ছেন।
সংসদ সদস্যরা এ অবস্থাকে কৃত্রিম সংকট বা সরবরাহ ব্যবস্থার দুর্বলতা হিসেবে উল্লেখ করে দ্রুত সমাধানের দাবি জানান। তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেন, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করা যায়।
বাংলাধারা/এসআর
