ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত, লেবাননে চার ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:৫৮ দুপুর  

ছবি: সংগৃহিত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চার সদস্য নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই সেনা। সোমবার (৩০ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইডিএফ।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। তারা হলেন- ক্যাপ্টেন নোম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট ম্যাসকিম এনটিস (২১)। বাকি একজনের পরিচয় পরে জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আইডিএফ জানায়, নিহত ও আহত সবাই নাহাল রিকনাইসান্স ইউনিটের সদস্য। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিমাঞ্চলে একটি সামরিক অভিযানের সময় তারা হিজবুল্লাহ যোদ্ধাদের আকস্মিক হামলার মুখে পড়েন।

বিবৃতিতে বলা হয়, কাছাকাছি দূরত্বে তীব্র গোলাগুলি হয় উভয় পক্ষের মধ্যে। এতে হিজবুল্লাহর কয়েকজন যোদ্ধাও হতাহত হয়েছেন বলে দাবি করেছে আইডিএফ, যদিও তাদের সংখ্যা উল্লেখ করা হয়নি।

এদিকে, আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানের ধারাবাহিকতায় ২ মার্চ থেকে ইসরায়েল লেবাননেও হামলা চালাতে শুরু করে।

লেবাননের সরকারি তথ্য অনুযায়ী, ২ মার্চের পর থেকে ইসরায়েলি হামলায় দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ২৪৭ জন নিহত এবং ৩ হাজার ৬৯০ জন আহত হয়েছেন।

চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাংলাধারা/এসআর