ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:৫২ দুপুর  

ছবি: সংগৃহিত

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের মুখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়, যা পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে বিচারপতি রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ অভিযোগ করেন, যেখানে বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ আনা হয়।

অভিযোগপত্রে বলা হয়, ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার শুনানিতে বিচারপতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। একটি মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী আদালতে উপস্থিত না থাকলেও রায়ে তার যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগ বাতিল করে। অন্য একটি মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষভুক্ত না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল করা হয়, যা ন্যায়বিচারের মৌলিক নীতির পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে অভিযোগগুলো তদন্তের আহ্বান জানানো হয় এবং অভিযোগ প্রমাণিত হলে সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশও চাওয়া হয়।

এই প্রেক্ষাপটেই বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাধারা/এসআর