‘কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ ছাড়ব না’ : জ্যোতির্ময়ী কুণ্ডু
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৬:৫৭ বিকাল
ছবি: সংগৃহিত
ঢালিউড মেগাস্টার শাকিব খানের বহুল আলোচিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’-এর মাধ্যমে প্রথমবার বাংলাদেশের দর্শকের সামনে আসছেন ওপার বাংলার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। আর এই সিনেমার কাজের সূত্রেই প্রথমবার বাংলাদেশে পা রেখেছেন তিনি। প্রথম সফরেই দেশের আতিথেয়তা আর খাবারের প্রেমে পড়ে গেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী মজার ছলে বলেন, “আমি কিন্তু কাচ্চি বিরিয়ানি না খেয়ে বাংলাদেশ থেকে যাব না। যদি আমাকে না খাইয়ে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমার আত্মা শান্তি পাবে না!”—তার এই মন্তব্য ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
তিনি জানান, বাংলাদেশে আসার আগেই এখানকার খাবার, বিশেষ করে কাচ্চি বিরিয়ানি, আর মানুষের আতিথেয়তা নিয়ে অনেক গল্প শুনেছেন। “ভারতে অনেকেই আমাকে বাংলাদেশ সম্পর্কে বলেছে, এখানকার ভালোবাসা, আতিথেয়তা আর খাবারের কথা। সেসব শুনেই আমার ভীষণ আগ্রহ তৈরি হয়েছিল,” বলছিলেন তিনি।
বাংলাদেশে আসা নিয়ে নিজের উত্তেজনার কথাও শেয়ার করেন এই অভিনেত্রী। তার ভাষায়, “আমি খুব এক্সাইটেড ছিলাম, কবে বাংলাদেশে আসব, কবে এখানকার দর্শকদের সরাসরি প্রতিক্রিয়া দেখব।”
শুধু খাবার নয়, সুযোগ পেলে দেশের বিভিন্ন জায়গা ঘুরে দেখার ইচ্ছার কথাও জানান তিনি।
ইলিশ মাছ নিয়েও কথা বলেন জ্যোতির্ময়ী। পছন্দ থাকলেও কাঁটার কারণে খেতে একটু ভয় পান বলে জানান, “ইলিশ আমার খুব পছন্দ, কিন্তু কাঁটার জন্য ঠিকভাবে খেতে পারি না। তবে কেউ যদি বেছে দেয়, তাহলে দারুণ লাগে।”
সব মিলিয়ে, প্রথম সফরেই বাংলাদেশের সংস্কৃতি, মানুষ আর খাবারের প্রতি তার মুগ্ধতা স্পষ্ট হয়ে উঠেছে।
বাংলাধারা/এসআর
