ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৬:৫২ বিকাল  

ছবি: সংগৃহিত

বিশ্ববাজার পরিস্থিতি বিবেচনায় আগামী এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশোধিত স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা অনুযায়ী ভোক্তা পর্যায়ে বর্তমান মূল্যই বহাল থাকবে, যা কার্যকর হবে ১ এপ্রিল ২০২৬ থেকে।

মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায়। এপ্রিল মাসজুড়েই এই দাম অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এর আগে সকালে বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণের সম্ভাবনার কথা বলা হলেও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে স্থিতিশীল মূল্য বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে বর্তমানে প্রায় ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেলের মজুত রয়েছে, যা দিয়ে ১৫ থেকে ১৬ দিনের চাহিদা পূরণ করা সম্ভব। এর মধ্যে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।

তিনি আরও জানান, এপ্রিল মাসেই প্রায় দেড় লাখ মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছাবে, ফলে জ্বালানি সরবরাহে কোনো সংকটের আশঙ্কা নেই। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি ও গণপরিবহন খাতে ব্যবহৃত হয়।

এদিকে জ্বালানি সাশ্রয়ে বিভিন্ন বিকল্প উদ্যোগও বিবেচনায় রয়েছে। এর মধ্যে সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, অফিস সময় কমানো এবং শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালুর মতো পদক্ষেপ আলোচনায় আছে।

সব মিলিয়ে, সরবরাহ ও মূল্য দুই দিকেই স্থিতিশীলতা বজায় রাখতে সরকার প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

বাংলাধারা/এসআর