ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাসের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৮:১৪ রাত  

ছবি: সংগৃহিত

জ্বালানি সংকট মোকাবিলায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। এ লক্ষ্যে সপ্তাহে তিন দিন অনলাইন এবং তিন দিন অফলাইনে ক্লাস পরিচালনার একটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে উত্থাপন করা হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামীকাল (বুধবার) এ বিষয়ে একটি অফিস আদেশ জারি হতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে মহানগর এলাকাগুলোতে অনলাইনভিত্তিক ক্লাস চালুর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় সপ্তাহে ছয় দিন ক্লাস চালুর প্রস্তাব করা হয়। এর মধ্যে তিন দিন সরাসরি শ্রেণিকক্ষে এবং বাকি তিন দিন অনলাইনে পাঠদান চালানোর পরিকল্পনা রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, শিক্ষার্থীদের জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর অনুযায়ী ভাগ করে ক্লাস নেওয়া হতে পারে। অনলাইন ক্লাসের দিনেও শিক্ষকদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থেকে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হবে। আর বিজ্ঞানসহ ব্যবহারিক বিষয়গুলোর ক্লাস সরাসরি ল্যাবে নেওয়ার নির্দেশনা থাকবে।

মন্ত্রণালয় বলছে, দীর্ঘ ছুটির কারণে তৈরি হওয়া শিখন ঘাটতি কাটিয়ে উঠতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি যাতায়াত ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।

সবকিছু বিবেচনায় নিয়ে প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই হাইব্রিড বা সমন্বিত পদ্ধতি চালুর পরিকল্পনা করছে সরকার।

বাংলাধারা/এসআর