ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

অনলাইন ক্লাসের প্রস্তাবে অভিভাবকদের তীব্র প্রতিবাদ, দিলেন ৪ বিকল্প প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০১, ২০২৬, ১১:২০ দুপুর  

ছবি: সংগৃহিত

সপ্তাহে তিনদিন অনলাইন ক্লাস চালুর সম্ভাব্য সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল পেরেন্টস ফোরাম। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে শিক্ষার স্বাভাবিক ধারাবাহিকতা বজায় রাখতে চারটি বিকল্প প্রস্তাব তুলে ধরা হয়েছে।

ফোরামের সভাপতি এ কে এম আশরাফুল হক বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে উচ্চগতির ইন্টারনেট ও প্রয়োজনীয় ডিভাইসের খরচ অভিভাবকদের ওপর বাড়তি চাপ তৈরি করবে। পাশাপাশি কর্মজীবী অভিভাবকদের জন্য সন্তানের অনলাইন ক্লাস তদারকি করাও বাস্তবসম্মত নয়।

অভিভাবকরা মনে করছেন, প্রস্তাবিত ‘৩+৩’ (তিনদিন অনলাইন, তিনদিন অফলাইন) মডেল শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে না। তাই এই মডেল বাতিল করে বিকল্প ব্যবস্থায় এগোনোর দাবি জানিয়েছেন তারা।

প্রস্তাবিত বিকল্পগুলোর মধ্যে রয়েছে—
সপ্তাহে চারদিন সশরীরে ক্লাস চালু রাখা এবং বাকি তিনদিন সম্পূর্ণ ছুটি ঘোষণা করা। এতে একদিকে শিক্ষার্থীদের পড়াশোনা সচল থাকবে, অন্যদিকে যাতায়াত ও বিদ্যুৎ খরচ উভয়ই কমানো সম্ভব হবে।

এছাড়া প্রয়োজনে প্রতিদিনের ক্লাসের সময় বা স্কুলের কার্যঘণ্টা কিছুটা কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। শ্রেণিকক্ষে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহারে সংযম আনা এবং প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথাও বলা হয়েছে।

বিবৃতিতে অভিভাবকরা সতর্ক করে বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের নামে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষাজীবন ব্যাহত করা উচিত নয়। বিশেষ করে সামনে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল পরীক্ষা এবং সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সেশন ফাইনাল থাকায় এ সময় সশরীরে ক্লাস বন্ধ করলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে।

তাই শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় রেখে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত থেকে সরে এসে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান গ্রহণের আহ্বান জানিয়েছেন অভিভাবকরা।

বাংলাধারা/এসআর