ঢাকা, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৩, ২০২৬, ০৪:০০ দুপুর  

ছবি: সংগৃহিত

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল বহনকারী ‘এমটি ইউয়ান জিং হে’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চীনের পতাকাবাহী জাহাজটি শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বন্দরের ডলফিন জেটিতে নোঙর করে এবং তেল খালাস কার্যক্রম শুরু হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে বিভিন্ন উৎস থেকে তেলবাহী জাহাজ বন্দরে আসছে।

তিনি জানান, মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে আসা আরেকটি জাহাজ ইতোমধ্যে বঙ্গোপসাগরে পৌঁছেছে। গত ২৯ মার্চ রওনা দেওয়া জাহাজটি শুক্রবার রাতের মধ্যেই চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে।

এছাড়া, চীন থেকে রওনা দেওয়া একটি এলপিজিবাহী জাহাজও শনিবার নাগাদ বন্দরে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার পর বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানি জোরদার করা হয়েছে। বিপিসির সহকারী ব্যবস্থাপক ফারজিন হাসান মৌমিতা বলেন, “মধ্যপ্রাচ্যের বাইরে থেকে ডিজেল নিয়ে আসা এটি নবম জাহাজ। জ্বালানি সরবরাহে কোনো ঘাটতি না রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

সংশ্লিষ্টরা আশা করছেন, এসব জাহাজের মাধ্যমে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং সম্ভাব্য সংকট অনেকটাই মোকাবিলা করা সম্ভব হবে।

বাংলাধারা/এসআর