ঢাকা, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

কদমতলীর গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ আগুন, ৫ মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৪, ২০২৬, ০৮:২৩ রাত  

ছবি: সংগৃহিত

রাজধানীর উপকণ্ঠ কেরাণীগঞ্জের কদমতলী এলাকায় একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি; এ বিষয়ে অনুসন্ধান চলছে।

অগ্নিকাণ্ডে আহত একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ১৩ মিনিটে কারখানাটিতে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। সঙ্গে সঙ্গে একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পর্যায়ক্রমে মোট সাতটি ইউনিট কাজ করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলাধারা/এসআর