ঢাকা, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে থাকবে মার্কিন সেনা : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৬, ০৩:৫৬ দুপুর  

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের মধ্যস্থতায় আসন্ন সংলাপ ঘিরে নতুন করে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, কোনো চুক্তি না হওয়া পর্যন্ত ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বহাল থাকবে।

বুধবার (৮ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, সংলাপ চললেও মার্কিন সামরিক বাহিনী তাদের বর্তমান অবস্থান থেকে সরবে না।

তিনি লিখেছেন, “মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, সেনাসদস্য, অস্ত্রশস্ত্র, সবকিছু এখন যেখানে রয়েছে, সেখানেই থাকবে। অর্থাৎ ইরানকে ঘিরে আমাদের অবস্থান অব্যাহত থাকবে, যতক্ষণ না তারা একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছায়।”

ট্রাম্প আরও হুঁশিয়ার করে বলেন, “যদি কোনো কারণে ইরান চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, যদিও সেই সম্ভাবনা খুবই কম, তাহলে আবারও সামরিক অভিযান শুরু হবে। আর সেই অভিযান হবে এতটাই ব্যাপক ও শক্তিশালী, যা আগে কেউ দেখেনি।”

এদিকে, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় আগামী ১০ এপ্রিল ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে উচ্চপর্যায়ের সংলাপ। এতে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এবং ইরানের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

সংলাপে আলোচনার টেবিলে থাকবে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা যুদ্ধবিরতি পরিকল্পনা এবং ইরানের ১০ দফা পাল্টা প্রস্তাব।

ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম জানিয়েছেন, ইরানি প্রতিনিধিদল ইতোমধ্যে সফরের প্রস্তুতি সম্পন্ন করেছে এবং সংলাপে অংশ নিতে রওনা দেবে।

বিশ্লেষকদের মতে, এই সংলাপ দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে ট্রাম্পের কঠোর অবস্থান আলোচনার পরিবেশকে কতটা প্রভাবিত করবে, সেটিই এখন দেখার বিষয়।

বাংলাধারা/এসআর