‘ধুরন্ধর টু’ ঘিরে নতুন বিতর্ক, কপিরাইট ইস্যুতে নির্মাতাদের বিরুদ্ধে মামলা
প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৬, ০৪:৪৬ দুপুর
ছবি: সংগৃহিত
মুক্তির পর থেকেই নানা বিতর্কে থাকা বলিউড সিনেমা ‘ধুরন্ধর টু’ এবার পড়েছে কপিরাইট জটিলতায়। পুরোনো একটি জনপ্রিয় গান অনুমতি ছাড়াই ব্যবহারের অভিযোগে ছবিটির নির্মাতা প্রতিষ্ঠান বিসিক্সটিটু স্টুডিওর বিরুদ্ধে মামলা করেছে ত্রিমূর্তি ফিল্মস।
অভিযোগ অনুযায়ী, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ত্রিদেব’ সিনেমার বহুল জনপ্রিয় গান ‘ওয়ে ওয়ে’ কোনো ধরনের অনুমতি ছাড়াই ‘ধুরন্ধর টু’-তে ব্যবহার করা হয়েছে। রণবীর সিং অভিনীত এই ছবিতে গানটি সংযোজন করেন নির্মাতা আদিত্য ধর।
গানটির স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ত্রিমূর্তি ফিল্মস দাবি করেছে, তাদের অনুমতি না নিয়েই গানটি ব্যবহার করে কপিরাইট আইন লঙ্ঘন করা হয়েছে। এ ঘটনায় তারা আদালতের শরণাপন্ন হয়ে ক্ষতিপূরণ দাবি করেছে। একইসঙ্গে সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা প্রচারণার কাজে গানটির ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞা চেয়েছে প্রতিষ্ঠানটি।
ত্রিমূর্তি ফিল্মস এক বিবৃতিতে জানায়,‘ওয়ে ওয়ে’ গানটির সম্পূর্ণ স্বত্ব আমাদের। অনুমতি ছাড়া এটি ব্যবহার করা গুরুতর আইনগত অপরাধ।
উল্লেখ্য, ‘ধুরন্ধর টু’ বিশ্বজুড়ে দেড় হাজার কোটি রুপির বেশি আয় করে বক্স অফিসে আলোড়ন তুললেও শুরু থেকেই বিতর্ক পিছু ছাড়ছে না। এর আগে ছবিটির চিত্রনাট্য চুরির অভিযোগ ওঠে নির্মাতা আদিত্য ধরের বিরুদ্ধে। পাশাপাশি গত ১৯ মার্চ মুক্তির পর থেকেই ছবির সহিংসতা ও বিষয়বস্তু নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
সবশেষে গানের কপিরাইট ইস্যুতে মামলার জেরে নতুন করে চাপে পড়েছে আলোচিত এই সিনেমার নির্মাতারা।
বাংলাধারা/এসআর
