ভিসা সেবা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ১৩ দেশ
প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৬, ০৪:৫০ দুপুর
ছবি: সংগৃহিত
ভিসা, পারমিট ও কনস্যুলার সেবা গ্রহণে বাংলাদেশি আবেদনকারীদের জন্য যৌথভাবে সতর্কবার্তা দিয়েছে বিশ্বের ১৩টি দেশ। সরকারি প্রক্রিয়া অনুসরণ এবং প্রতারণা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে এ সতর্কবার্তায়।
বুধবার ঢাকায় জার্মান দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভিসা বা সংশ্লিষ্ট সেবা পেতে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি ও আনুষ্ঠানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। কোনো ধরনের শর্টকাট বা অননুমোদিত উপায় অবলম্বন করলে তা আবেদন প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
যেসব দেশ এ সতর্কবার্তা দিয়েছে, সেগুলো হলো, অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্য।
জাল নথি ও প্রতারণা থেকে সতর্কতা
বিবৃতিতে জাল কাগজপত্র ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি লাইসেন্সবিহীন বা অবিশ্বস্ত এজেন্টদের এড়িয়ে চলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন করলে আবেদন বিলম্বিত হওয়া, অর্থনৈতিক ক্ষতি এমনকি আইনি জটিলতায় পড়ার ঝুঁকি রয়েছে বলেও সতর্ক করা হয়।
মধ্যস্বত্বভোগীদের বিষয়ে স্পষ্ট বার্তা
যৌথ বিবৃতিতে বলা হয়, কোনো দেশের দূতাবাস বা কনস্যুলার মিশনই ভিসা প্রক্রিয়ায় কোনো মধ্যস্থতাকারী এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। যারা দ্রুত ভিসা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি বা বিশেষ সুবিধার কথা বলে, তাদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।
সরকারি তথ্যের ওপর নির্ভর করার আহ্বান
আবেদনকারীদের সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট ও দাপ্তরিক চ্যানেল অনুসরণের আহ্বান জানানো হয়েছে। এতে স্বচ্ছ ও ন্যায্য আবেদন প্রক্রিয়া নিশ্চিত হবে বলে উল্লেখ করা হয়।
এই সতর্কবার্তাকে বাংলাদেশি আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে ভিসা সংক্রান্ত প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে।
বাংলাধারা/এসআর
