ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ভূমধ্যসাগরে নৌযান ডুবে নিখোঁজ ৭০, উদ্ধার বাংলাদেশিসহ ৩২

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৬, ১১:৩৩ দুপুর  

ছবি: সংগৃহিত

ভূমধ্যসাগরে আবারও অভিবাসনপ্রত্যাশীদের ট্র্যাজেডি, নৌযান ডুবে নিখোঁজ অন্তত ৭০ জন, উদ্ধার ৩২ (বাংলাদেশিসহ)

ভূমধ্যসাগরের উত্তাল ঢেউয়ে ডুবে গেছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌযান। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন। ইতালির কোস্টগার্ড ৩২ জনকে জীবিত এবং ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

উদ্ধার হওয়া ৩২ জনই পুরুষ, যাদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও মিসরের নাগরিক রয়েছেন। ইতালির কোস্টগার্ড এবং উদ্ধারকারী সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ)-এর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জীবিত উদ্ধার ব্যক্তিরা জানিয়েছেন, বৈরী আবহাওয়া ও প্রবল ঢেউয়ের কারণে নৌযানটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। দুর্ঘটনার পরপরই জার্মান সংস্থা সি-ওয়াচ একটি উদ্ধারকারী বিমান পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তাদের ধারণ করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, উল্টে যাওয়া কাঠের নৌকার তলদেশে আশ্রয় নিয়ে বাঁচার চেষ্টা করছেন কয়েকজন যাত্রী।

এমএসএইচ জানায়, নৌযানটি শনিবার বিকেলে লিবিয়ার তাজাউরা উপকূল থেকে ছেড়ে যায়। এতে নারী, শিশু ও পুরুষসহ মোট ১০৫ জন যাত্রী ছিলেন। লিবিয়ার নিয়ন্ত্রিত সার্চ অ্যান্ড রেস্কিউ (এসএআর) জোনে, বৌরি অয়েল ফিল্ড থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে গিয়ে নৌযানটি ডুবে যায়।

উদ্ধারকৃতদের এবং মরদেহ দুটি ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নেওয়া হয়েছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর শোক প্রকাশ করে এমএসএইচ ইউরোপীয় দেশগুলোর প্রতি নিরাপদ ও মানবিক অভিবাসন নীতি গ্রহণের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, বৈধ নথিপত্র ছাড়াই ইউরোপে প্রবেশের জন্য অভিবাসনপ্রত্যাশীদের কাছে ভূমধ্যসাগর একটি বহুল ব্যবহৃত রুট। তবে এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক সমুদ্রপথও। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে অন্তত ৭২৫ জন নিখোঁজ হয়েছেন।

বাংলাধারা/এসআর