ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

কমেছে সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৬, ১১:৪১ দুপুর  

ছবি: সংগৃহিত

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা, যা আগের দিন ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

সোমবার (৬ এপ্রিল) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।

নতুন দরে ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৫৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে সোনা ও রুপার দামে এই সমন্বয় করা হয়েছে।

বাংলাধারা/এসআর