ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ঘরে বসেই মজাদার চিকেন শিক কাবাব, সহজ রেসিপি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৬, ০৯:০১ রাত  

ছবি: সংগৃহিত

কাবাব মানেই সুস্বাদু আর মুখরোচক এক পদ। আর সেটা যদি হয় ঘরে তৈরি, তাহলে স্বাদ যেমন বাড়ে, তেমনি থাকে স্বাস্থ্যকর নিশ্চয়তাও। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকেলের নাস্তা, সবক্ষেত্রেই দারুণ মানিয়ে যায় চিকেন শিক কাবাব। খুব কম সময়ে ঝামেলা ছাড়াই তৈরি করা যায় এই জনপ্রিয় আইটেমটি।

চলুন জেনে নেওয়া যাক সহজ রেসিপি-

যা যা লাগবে

মুরগির মাংসের কিমা - আধা কেজি
পেঁয়াজ কুচি - আধা কাপ
আদা-রসুন বাটা - ১ টেবিল চামচ
কাঁচা মরিচ - স্বাদ অনুযায়ী
ধনেপাতা কুচি - ১ মুঠো
জিরা গুঁড়া - ১ চা চামচ
গরম মসলা - ১ চা চামচ
চাট মসলা - ১ চা চামচ
লেবুর রস - ১ চা চামচ
লবণ - স্বাদমতো
ব্রেডক্রাম্ব - পরিমাণমতো
তেল বা মাখন - প্রয়োজনমতো

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বড় বাটিতে মুরগির কিমার সঙ্গে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি ঢেকে অন্তত এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন, যাতে মসলা ভালোভাবে মিশে যায়।

এরপর ফ্রিজ থেকে বের করে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে শিকের গায়ে চেপে কাবাবের আকার দিন। গ্রিল প্যান বা তাওয়া হালকা তেল বা মাখন দিয়ে গরম করে মাঝারি আঁচে কাবাবগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন।

সবশেষে গরম গরম কাবাব নামিয়ে পছন্দের চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন।

সহজ এই রেসিপিতে তৈরি চিকেন শিক কাবাব স্বাদে হবে রেস্তোরাঁর মতোই, আর আপনার রান্নার প্রশংসা পেতেও দেরি হবে না!

বাংলাধারা/এসআর