ঢাকা, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ ফের ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৬, ২০২৬, ০৩:৩৩ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে পুনরায় ৩ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।

এর আগে, গত ২৫ মার্চ দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এরপর ৩১ মার্চ আরও ৬ দিনের রিমান্ড অনুমোদন দেয় আদালত।

দুই দফায় মোট ১১ দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ-পরিদর্শক কফিল উদ্দিন আরও ৪ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা প্রয়োজন। তদন্তের স্বার্থে তাকে পুনরায় রিমান্ডে নেওয়া জরুরি।

রাষ্ট্রপক্ষে আইনজীবীরা রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ এলাকায় চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলা ও গুলির ঘটনায় গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের জুলাই মাসে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

বাংলাধারা/এসআর