ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

‘মিউনিখে জিততে পারলে সেটি রিয়ালই পারবে’

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৬, ০৪:৪৪ দুপুর  

ছবি: সংগৃহিত

বায়ার্ন মিউনিখের বিপক্ষে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের লড়াইয়ে এখনো আশা দেখছেন রিয়াল মাদ্রিদ। দলের কোচ আলভারো আরবেলোয়া বলছেন, ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রাখে তার দল, আর মিউনিখে জয়ের ক্ষমতা থাকলে সেটি রিয়ালেরই।

ম্যাচের বড় একটা সময় ২-০ ব্যবধানে পিছিয়ে ছিল রিয়াল। প্রথমার্ধের ৪১তম মিনিটে লুইস দিয়াজ গোল করে এগিয়ে দেন বায়ার্নকে। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার মাত্র ২০ সেকেন্ডের মাথায় হ্যারি কেইন ব্যবধান দ্বিগুণ করেন। তবে ৭৪তম মিনিটে কিলিয়ান এমবাপের গোল রিয়ালকে আবারও ম্যাচে ফেরায়। চলতি আসরে এটি এমবাপের ১৪তম গোল, যা তাকে শীর্ষ গোলদাতার আসনে বসিয়েছে।

ম্যাচ শেষে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে আরবেলোয়া বলেন, “আমরা এখনো লড়াইয়ে আছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাত্র এক গোলের ব্যবধান, আর আমরা জানি যে কোনো মাঠে জেতার সামর্থ্য আমাদের আছে। ০-২ থেকে ফিরে আসা কঠিন, কিন্তু ওই এক গোল আমাদের আশা বাঁচিয়ে রেখেছে।”

সমালোচনার মুখে থাকা এমবাপের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট কোচ। তিনি বলেন, “আমার কাছে এমবাপে দারুণ প্রতিশ্রুতিবদ্ধ মনে হয়েছে। প্রতিপক্ষের রক্ষণে সে বারবার হুমকি তৈরি করেছে। সে দেখিয়েছে কেন তাকে বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন বলা হয়।”

এদিকে, লা লিগায় মায়োর্কার কাছে হেরে বার্সেলোনার থেকে সাত পয়েন্ট পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। ফলে তাদের মৌসুমের বড় আশা এখন চ্যাম্পিয়ন্স লিগ ঘিরেই।

আরবেলোয়া বলেন, “এই ম্যাচটা আমরা এড়াতে পারতাম, বিশেষ করে দ্বিতীয়ার্ধে কিছু ভুল না করলে। এমন বড় দলের বিপক্ষে ছোট ভুলেরও মূল্য দিতে হয়। তবে শেষের গোলটা আমাদের নতুন করে বিশ্বাস জুগিয়েছে। কাজটা সহজ হবে না, কিন্তু যদি কোনো দল মিউনিখে জিততে পারে, সেটা রিয়াল মাদ্রিদ।”

বাংলাধারা/এসআর