ঢাকা, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

দিল্লিতে খলিলুর-জয়শঙ্কর বৈঠক আজ, গুরুত্ব পাচ্ছে দ্বিপাক্ষিক নানা ইস্যু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ০৮, ২০২৬, ০১:০৮ দুপুর  

ছবি: সংগৃহিত

ভারতের রাজধানী দিল্লিতে আজ বুধবার (৮ এপ্রিল) বৈঠকে বসছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। স্থানীয় সময় দুপুর ১টায় হায়দ্রাবাদ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত থাকবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো গুরুত্ব পাবে। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন এবং সীমান্ত হত্যা বন্ধের বিষয়গুলো আলোচনায় থাকবে। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যক্রম পুরোপুরি চালু করা এবং বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও পলাতক ব্যক্তিদের প্রত্যর্পণের বিষয়টিও আলোচনায় উঠতে পারে।

এছাড়া জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি ভারতের সমর্থন চাওয়া এবং আঞ্চলিক ও মধ্যপ্রাচ্যের চলমান সংকট পরিস্থিতি নিয়েও মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

একইদিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ড. খলিলুর রহমান।

ভারত মহাসাগরীয় সম্মেলনে অংশ নিতে মরিশাস যাওয়ার পথে মঙ্গলবার দিল্লিতে পৌঁছান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সরকার তার এ সফরকে ‘শুভেচ্ছা সফর’ হিসেবে উল্লেখ করেছে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম দিল্লি সফর।

উল্লেখ্য, দিল্লিতে আনুষ্ঠানিক বৈঠক শেষে আগামী ৯ এপ্রিল উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী একই ফ্লাইটে মরিশাস যাওয়ার কথা রয়েছে। দীর্ঘ এই যাত্রাপথে আনুষ্ঠানিকতার বাইরে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে বলে কূটনৈতিক মহল মনে করছে।

বাংলাধারা/এসআর