শেরপুর-৩ আসনে বড় ব্যবধানে বিএনপির রুবেল জয়ী
প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৬, ০৯:৩৪ রাত
ছবি: সংগৃহিত
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন ৪৮০ ভোট। এতে প্রায় ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন রুবেল।
এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি, আর বাতিল হয়েছে ২ হাজার ৮৬টি ভোট। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ২ লাখ ১৫ হাজার ৭৩৪টি। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে এই আসনেও ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। পরে পুনঃনির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে রয়েছে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা। মোট ১২৮টি কেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। এছাড়া পোস্টাল ভোটের জন্য আবেদন করেছিলেন ৩ হাজার ৫৭৪ জন, যার মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ১৯ জন।
রিটার্নিং কর্মকর্তা জানান, সামগ্রিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের অভিযোগ উঠলেও সংশ্লিষ্টদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ আসনে মোট ভোটার উপস্থিতি ছিল ৫২ দশমিক ১৯ শতাংশ।
তিনি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণে অংশ নেওয়ার জন্য শ্রীবরদী ও ঝিনাইগাতীর ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাধারা/এসআর
