জ্বালানি সংকটে বদলালো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি
প্রকাশিত: এপ্রিল ০৯, ২০২৬, ০৪:৫৯ দুপুর
ছবি: সংগৃহিত
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় নিয়ে দিবারাত্রির ম্যাচ বাতিল করে সব খেলাই দিনের আলোতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচ এখন থেকে শুরু হবে সকাল ১১টায়। আগে এসব ম্যাচ দিবারাত্রিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শুধু ওয়ানডেই নয়, পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেও একই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়, যা আগের পরিকল্পনা থেকে ভিন্ন।
বুধবার বিসিবির অ্যাডহক কমিটির সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সময় পরিবর্তনের ইঙ্গিত দেন বোর্ড সভাপতি তামিম ইকবাল। তিনি জানান, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যেই ম্যাচগুলো দিনের বেলায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তামিম ইকবাল বলেন, “বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখেই সময় পরিবর্তনের চিন্তা করা হয়েছে। ওয়ানডে ম্যাচগুলো ১১টা বা সাড়ে ১১টার মধ্যে শুরু হতে পারে, আর টি-টোয়েন্টি হবে দুপুর ২টা বা আড়াইটার দিকে।”
শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়ন করল বিসিবি। নতুন সময়সূচি অনুযায়ী সিরিজ আয়োজন করলে বিদ্যুৎ ব্যবহারের চাপ কমবে বলে মনে করছে বোর্ড।
এই পরিবর্তন মাঠের কৌশল ও দর্শক অভিজ্ঞতায় কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে বর্তমান পরিস্থিতিতে এটিকে বাস্তবসম্মত সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে।
বাংলাধারা/এসআর
