আবারও আন্দোলনের প্রস্তুতি, ঐক্যের ডাক নাহিদ ইসলামের
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ০৪:২৮ দুপুর
ছবি: সংগৃহিত
দেশের বর্তমান পরিস্থিতি ঘিরে আবারও আন্দোলনের প্রস্তুতির ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথের জন্য প্রস্তুত থাকতে হবে।
রোববার (১২ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি। এটি কোনো দলের বিষয় নয়, কোনো জোটের বিষয় নয়, এটি বাংলাদেশকে রক্ষা করার প্রশ্ন। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধরে রাখা এবং শহীদদের রক্তের মর্যাদা রক্ষার দায়িত্ব আমাদের সবার।”
তিনি স্বীকার করেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আন্দোলনের কর্মীদের পাশে সবসময় দাঁড়ানো সম্ভব হয়নি। তবে সেই সময়েও সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি। বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে কতটা কাজ হচ্ছে, তা আমরা দেখতে চাই।”
জুলাই অধিদপ্তর ও শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম নিয়েও অসন্তোষ প্রকাশ করেন এনসিপি আহ্বায়ক। তার মতে, এসব উদ্যোগ থাকলেও বাস্তবায়নে অনীহা লক্ষ্য করা যাচ্ছে।
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা সন্তান হারিয়েছেন, কেউ হাত-পা হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়—আমরাই সামনের সারিতে থাকব। কোনো আঘাত এলে আগে আমাদের বুকে লাগবে।”
নাহিদ ইসলাম আরও বলেন, দেশীয় বা বিদেশি যেকোনো শক্তির বিরুদ্ধেই প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। “ঐক্যবদ্ধ থাকলে আমরা অবশ্যই সফল হব এবং একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শফিকুর রহমান, যিনি একই সঙ্গে জামায়াতে ইসলামীর আমির। সভায় অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের যোদ্ধাদের বক্তব্যেও ঐক্য ও সংগ্রামের প্রত্যয় ফুটে ওঠে।
বাংলাধারা/এসআর
