ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২

বিশ্বজুড়ে আমদানিতে শুল্ক ১৫% ঘোষণা ট্রাম্পের, আদালতের রায়ের পরই নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:২৪ দুপুর  

ছবি: সংগৃহিত

ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সব দেশের পণ্যের ওপর আরোপিত অস্থায়ী পারস্পরিক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) একাধিক পর্যায়ে দেওয়া ঘোষণায় তিনি জানান, নতুন এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং প্রাথমিকভাবে ১৫০ দিন বহাল থাকবে।

এই সিদ্ধান্তের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা পূর্ববর্তী শুল্ক ব্যবস্থাকে বাতিল ঘোষণা করে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া এ ধরনের বিস্তৃত শুল্ক আরোপ করে ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

রায়ের পরপরই ট্রাম্প প্রথমে ১০ শতাংশ হারে নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে তিনি তা বাড়িয়ে ১৫ শতাংশ করেন। সেখানে তিনি দাবি করেন, বহু দেশ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র-কে বাণিজ্যে ক্ষতিগ্রস্ত করেছে এবং নতুন কর সেই পরিস্থিতি সংশোধনের পদক্ষেপ।

তিনি লেখেন, “অনেক দেশ বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে ঠকিয়েছে। এখন থেকে আইন মেনেই তাদের ওপর এই বাড়তি কর কার্যকর হবে।”

যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনে এই শুল্ক সর্বোচ্চ ১৫০ দিন কার্যকর রাখা সম্ভব। ট্রাম্প জানিয়েছেন, তার প্রশাসন এটিকে স্থায়ী রূপ দিতে আইনি প্রক্রিয়া শুরু করবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রয়োজনে কংগ্রেসে বিল উত্থাপন করা হতে পারে।

অর্থনীতিবিদদের মতে, বৈশ্বিক আমদানির ওপর একযোগে শুল্ক বাড়ানো হলে যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের দাম বাড়তে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের সঙ্গে উত্তেজনা তৈরি হতে পারে। ইতোমধ্যে কয়েকটি দেশ পাল্টা শুল্ক আরোপের ইঙ্গিত দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

গত বছর জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের আওতায় ট্রাম্প প্রশাসন প্রথম দফায় বৈশ্বিক শুল্ক আরোপ করে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যবসায়ী সংগঠন ও কয়েকটি অঙ্গরাজ্য আদালতে মামলা করলে সর্বোচ্চ আদালত তা বাতিল করে দেয়।

বাংলাধারা/এসআর