প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১২:৫৪ এ এম
অনলাইন সংস্করণ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল স্পেন মুখোমুখি হওয়ায় বাংলাদেশজুড়ে বইছে ফুটবল উন্মাদনা। রাজধানী থেকে জেলা শহর, উপজেলা থেকে গ্রাম, এমনকি অলিগলি ও পাড়া-মহল্লায়ও বিরাজ করছে উৎসবের আমেজ।
ফাইনাল ম্যাচকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় চলছে নানা আয়োজন। কোথাও বন্ধুদের মিলনমেলা, কোথাও পরিবারের সদস্যদের নিয়ে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি, আবার কোথাও বনভোজনের আয়োজন। ফুটবলপ্রেমীদের কাছে যেন এটি একটি উৎসবের দিনে পরিণত হয়েছে।
ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর বাজার এলাকাতেও দেখা গেছে ব্যতিক্রমী চিত্র। সকাল থেকেই বাজারের বিভিন্ন মোড়ে জড়ো হয়েছেন স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীরা। কেউ বাঁশ ও ত্রিপল দিয়ে অস্থায়ী প্যান্ডেল তৈরি করছেন, কেউ বড় পর্দা বসানোর কাজে ব্যস্ত। পাশাপাশি চলছে রান্নাবান্নার আয়োজন।
কোনো স্থানে বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে খিচুড়ি, আবার কোথাও সুগন্ধ ছড়াচ্ছে কাচ্চি ও বিরিয়ানি। স্থানীয়দের ভাষ্য, খেলা শুরুর আগেই সবাই একসঙ্গে খাবার খেয়ে প্রিয় দলের সমর্থনে উল্লাস করবেন। রাতভর খেলা দেখা এবং বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন।
ইসলামনগর বাজারের কয়েকজন আয়োজক জানান, বিশ্বকাপের ফাইনালকে ঘিরে প্রতিবছরই কিছু না কিছু আয়োজন থাকে। তবে এবার বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফাইনালে ওঠা এবং প্রতিপক্ষ হিসেবে স্পেন থাকায় উৎসাহ কয়েকগুণ বেড়েছে। অনেকেই নিজ উদ্যোগে অর্থ সংগ্রহ করে বনভোজন ও খেলা দেখার ব্যবস্থা করেছেন।
শুধু ইসলামনগর নয়, দেশের বিভিন্ন স্থানে আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকদের ব্যানার, পতাকা ও আলোকসজ্জায় সাজানো হয়েছে পাড়া-মহল্লা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শুভকামনা, পূর্বাভাস এবং সমর্থকদের নানা আয়োজনের ছবি ও ভিডিও শেয়ার করার প্রতিযোগিতা।
ফুটবলপ্রেমীরা বলছেন, বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলেও দেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস এবং অংশগ্রহণ কোনো অংশে কম নয়। ফাইনালের রাতটিকে স্মরণীয় করে রাখতে তাই খাবার, আড্ডা ও একসঙ্গে খেলা দেখার মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়েছে দেশের নানা প্রান্তে।
বাংলাধারা/রিয়ন
মন্তব্য করুন