বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:১০ এ এম

অনলাইন সংস্করণ

এসএসসি ফল: ৩১২ প্রতিষ্ঠানে একজনও পাস করেনি

ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে। এসব প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে প্রশ্ন উঠেছে।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফলাফল অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৫৭টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। পাশাপাশি বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো পরীক্ষার্থী পাস করেনি।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় ফরম পূরণ করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ছিল ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ফরম পূরণ করে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এদিকে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উভয়ই কমেছে।

একই সঙ্গে ৩১২টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করায় এসব প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ, পাঠদানের মান, শিক্ষকসংকট ও প্রশাসনিক তদারকিসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখার প্রয়োজনীয়তা সামনে এসেছে। শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করার ঘটনা শুধু শিক্ষার্থীদের ফলাফল নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সামগ্রিক শিক্ষাব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলে।

বাংলাধারা/শারমিন

 

মন্তব্য করুন