বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ০৯:১৫ পিএম

অনলাইন সংস্করণ

রাজধানীতে পৃথক ঘটনায় নির্মাণ শ্রমিকসহ দুই নারীর মৃত্যু

ছবি; সংগৃহিত

রাজধানীর কদমতলী ও শাহবাগ থানা এলাকায় পৃথক দুটি ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) কদমতলীর শনির আখড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে জোসনা বেগম (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়। 
অপরদিকে, শাহবাগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
কদমতলী থানার শনির আখড়ার ২৪ ফুট রাস্তার ৮ নম্বর রোডের সাফা টাওয়ার নামে একটি নির্মাণাধীন ভবনে দুপুর আনুমানিক ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের সহকর্মী মো. ইউনুস জানান, জোসনা ওই ভবনে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন। দুপুর সাড়ে ১২টার দিকে অন্য সহকর্মীরা নামাজ ও দুপুরের খাবারের বিরতিতে নিচে যান। এ সময় ভবনের নিরাপত্তাকর্মী বাড়ির মালিককে জোসনার পড়ে যাওয়ার বিষয়টি জানান। পরে সহকর্মীরা জানতে পারেন, জোসনা বেগম পঞ্চম তলার লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে গেছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর ২ টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী মধু মিয়া জানান, তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার শান্তিপুর গ্রামে। বর্তমানে তারা শনির আখড়ার গোবিন্দপুর নূর মসজিদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
অপরদিকে, বিকেল আনুমানিক ৩টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছনের ওয়েটিং রুমের সামনে এক বৃদ্ধাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন হাসপাতাল কর্মীরা। পরে জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল ৩টা ৪০ মিনিটে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, দুটি মরদেহই ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে। অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্তের জন্য সিআইডি ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন