বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১১:৩৯ এ এম

অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি

ছবি; সংগৃহিত

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে থানার এক্সেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় এ ঘটনা ঘটে। 
এসময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একইসঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে। 
রাত ১টার দিকে সবশেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ১১টার দিকে হঠাৎ দুই পক্ষ লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। একপর্যায়ে তারা একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় কয়েকটি বিকট শব্দ শোনা যায়।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ গুরুতর আহত হননি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে করতে অভিযান চলছে।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন