প্রকাশিত: ৪৪ মিনিট আগে, ১০:১৪ পিএম
অনলাইন সংস্করণ
নেত্রকোণায় নিখোঁজের ৬ দিন পর নাজমা আক্তার নাজু (৩৪) নামে এক নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের সাবেক স্বামী নুরুল আমীনকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজ সংলগ্ন শ্মশানঘাটের পাশ থেকে হত্যার আলামত উদ্ধারের পর ঢুকিয়ালী নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আটক নুরুল আমীন নগুয়া কুশলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। নিহত নাজমা আক্তার সদর উপজেলার কাটলী এলাকার ইসলাম উদ্দিনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নাজমা আক্তার নিখোঁজ হন। এ ঘটনায় তার ছোট ভাই মো. শুভ (১২) ২২ সেপ্টেম্বর নেত্রকোণা মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির তদন্তে নেমে সন্দেহের ভিত্তিতে সাবেক স্বামী নুরুল আমীনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মরদেহের সন্ধান পাওয়া যায়।
পুলিশ জানায়, প্রায় ১৪ বছর আগে নাজমা ও নুরুল আমীনের বিয়ে হয়। তাদের ছয় বছরের ছেলে মুজাহিদ ও আড়াই বছরের মেয়ে নাজিফা রয়েছে। পারিবারিক কলহের জেরে তাদের একাধিকবার বিচ্ছেদ ও পুনরায় বিয়ে হয়। সর্বশেষ তারা আলাদা থাকছিলেন। নাজমা সাবেক স্বামীর বিরুদ্ধে দেনমোহর ও ভরণপোষণের মামলা করেছিলেন। এ ছাড়া ধর্ষণের অভিযোগে করা আরেকটি মামলা পিবিআই তদন্ত করছে। তাদের দুই সন্তান বর্তমানে স্বজনদের হেফাজতে রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জমির কীটনাশক কিনতে নেত্রকোণা শহরে এলে নাজমা নুরুল আমীনকে ফোন করেন। পরে বড়বাজার এলাকায় তাদের দেখা হলে ২ জনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাদের সরিয়ে দেন।
পরে ভরণপোষণের ৬ হাজার টাকা দেওয়ার কথা বলে নাজমাকে রিকশায় রাজুর বাজারে নিয়ে যান নুরুল আমীন। সেখান থেকে ভাড়া করা মোটরসাইকেলে তারা মৌগাতী ইউনিয়নের খাটপুড়া ব্রিজ এলাকায় যান। রাত সাড়ে ১০টার দিকে টাকা দেওয়ার বিষয় নিয়ে তাদের মধ্যে আবারও তর্ক হয়। একপর্যায়ে নুরুল আমীন নাজমার বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন পরে তাকে কাঁধে করে পাশের শ্মশানঘাটে নিয়ে নিজের ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় বলে পুলিশ জানায়। এরপর মরদেহটি বাড়ির পাশে ঢুকিয়ালী নদীর পাড়ে নিয়ে কোদাল দিয়ে গর্ত করে মাটিচাপা দেওয়া হয়।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, নুরুল আমীনের দেখানো স্থান থেকে নাজমার ব্যবহৃত ওড়না, মোবাইল ফোন ও জুতা উদ্ধার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী নদীর পাড়ে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
তিনি জানান, মরদেহের সুরতহাল ও ময়নাতদন্তসহ আইনগত প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারের লিখিত এজাহারের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন