প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৪:১২ পিএম
অনলাইন সংস্করণ
আগামী তিন দিন দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)। এ সময়ে গঙ্গা, পদ্মা, গড়াই, মাথাভাঙা এবং সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়তে পারে। সোমবার (৭ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকাশিত বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনার পানি সমতল স্থিতিশীল রয়েছে। আগামী পাঁচ দিনও এ নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে।
অন্যদিকে গঙ্গার পানি সমতল গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী তিন দিন তা আরও বাড়তে পারে। পরবর্তী দুই দিন পানি স্থিতিশীল থাকতে পারে। পদ্মার পানি সমতল বর্তমানে স্থিতিশীল থাকলেও আগামী পাঁচ দিন বাড়তে পারে।
এই সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু এলাকায় গঙ্গার পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় গড়াই ও মাথাভাঙা নদীর পানি বেড়েছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে। এ সময়ে ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরার কিছু এলাকায় গড়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল। ধরলা ও দুধকুমারের পানি আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। তিস্তার পানি আগামী এক দিন বাড়তে পারে, এরপর দুই দিন স্থিতিশীল থাকতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী তিন দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে।
তবে এখন পর্যন্ত দেশের কোনো প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে না।
বাংলাধারা/ডেস্ক
মন্তব্য করুন