প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০১:২০ এ এম
অনলাইন সংস্করণ
বন্যা পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলায় বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে একই বোর্ডের অধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এবং দেশের অন্যান্য শিক্ষা বোর্ডে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও রাঙ্গামাটি জেলার পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতির কথা মাথায় রেখে ৮ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা-২০২৬ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষাও পূর্বঘোষিত রুটিন অনুসারেই চলবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন