প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ
জাপানের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামির আশঙ্কায় দেশটির কয়েকটি উপকূলীয় অঞ্চলে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১টা ২৭ মিনিটে) কিউশু দ্বীপের কুমামোতো অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় কম্পনটির উৎপত্তি হওয়ায় বিস্তীর্ণ এলাকায় এর তীব্রতা অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পরপরই জাপান সরকার কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি জেলায় সুনামি সতর্কতা জারি করেছে। জেএমএর পূর্বাভাস অনুযায়ী, উপকূলে সর্বোচ্চ ৩ দশমিক ২৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।
তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ভূমিকম্পে কোনো প্রাণহানি, আহত কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
এর আগে গত ২৫ জুন জাপানে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। সেই ঘটনাতেও উল্লেখযোগ্য প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা ‘আগ্নেয় মেখলা’ অঞ্চলে অবস্থিত হওয়ায় জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বৈশ্বিকভাবে প্রতিবছর সংঘটিত মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশই জাপানে ঘটে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন