ঢাকা, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

হাদি হত্যা মামলার দুই আসামিকে দেশে ফেরানোর উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ০৯, ২০২৬, ০৫:৩০ বিকাল  

ছবি: সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হাদি হত্যা মামলার দুই আসামি ভারতে গ্রেপ্তার হওয়ার পরপরই তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির আওতায় আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ঘটনাকে ‘মব’ বা গণআক্রমণ হিসেবে চিহ্নিত করার প্রবণতা নিয়ে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে মব বলা ঠিক নয়। অনেক ক্ষেত্রে এগুলো বিচ্ছিন্ন অপরাধমূলক ঘটনা, যেগুলোকে যথাযথভাবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের তালিকা প্রকাশ করলে অনেক সময় তা রাজনৈতিকভাবে প্রভাবিত হওয়ার বা বিকৃত হওয়ার ঝুঁকি থাকে। তাই সরকার পেশাদার ও প্রাতিষ্ঠানিকভাবে তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করবে এবং আইন অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

এ সময় কক্সবাজার সমুদ্র সৈকতের শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কক্সবাজার বাংলাদেশের অন্যতম গর্বের স্থান এবং এটিকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে। সৈকতে থাকা অবৈধ স্থাপনাগুলো জেলা প্রশাসনের নেতৃত্বে এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করা হবে।

দেশজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায়, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ কিংবা যেকোনো অপরাধীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থানে থাকবে।

সভায় কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুল মান্নান, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এসআর