৩ মার্চ থেকে ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
প্রকাশিত: মার্চ ০২, ২০২৬, ১১:২৪ দুপুর
ছবি: সংগৃহিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঘরমুখো যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ঈদের দিন ২১ মার্চ ধরে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রীসুবিধার কথা বিবেচনায় এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ছাড়া হবে।
সম্প্রতি রাজধানীর রেল ভবন এ অনুষ্ঠিত ঈদযাত্রা প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মার্চের যাত্রার টিকিট বিক্রি হবে ৩ মার্চ, ১৪ মার্চেরটি ৪ মার্চ, ১৫ মার্চেরটি ৫ মার্চ, ১৬ মার্চেরটি ৬ মার্চ, ১৭ মার্চেরটি ৭ মার্চ, ১৮ মার্চেরটি ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।
চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট পরবর্তীতে ছাড়া হবে। এছাড়া যাত্রীদের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট যাত্রার আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।
রেলওয়ে জানিয়েছে, একজন যাত্রী সর্বোচ্চ একবারে চারটি আসনের টিকিট কিনতে পারবেন এবং ঈদযাত্রার অগ্রিম টিকিট ফেরতযোগ্য হবে না।
বাংলাধারা/এসআর
