ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

অল্প খরচে উন্নত চিকিৎসা নিশ্চিতের আশ্বাস: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ০১, ২০২৬, ১১:০৪ দুপুর  

ছবি: সংগৃহিত

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এলাকার সাধারণ মানুষ যাতে স্বল্প ব্যয়ে উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারেন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে এবং স্থানীয় হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

রবিবার (১ মার্চ) সকাল ৮টায় ঠাকুরগাঁও-এর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনের সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ, সেবার মান ও ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

মন্ত্রী জানান, হাসপাতালটি আগের তুলনায় অনেক পরিষ্কার ও সুশৃঙ্খল হয়েছে বলে তিনি লক্ষ্য করেছেন। তিনি আশা প্রকাশ করেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া গেলে হাসপাতালটিকে ৫০০ শয্যায় উন্নীত করা সম্ভব হবে। এ সময় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে স্বাস্থ্যসেবার মান আরও বাড়ানো এবং দায়িত্বশীলদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

তিনি আরও জানান, এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে এবং এর জন্য স্থানও নির্ধারণ করা হয়েছে। মেডিকেল কলেজ চালু হলে হাসপাতালের চিকিৎসাসেবা ও অবকাঠামো উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত তেলাপোকা ও ছারপোকা নিধনের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশারাত ফারজানা, হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাধারা/এসআর