ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

ইসরায়েল-মার্কিন হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: মার্চ ০১, ২০২৬, ১০:১৫ দুপুর  

ছবি: সংগৃহিত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। রোববার (১ মার্চ) সকালে তাসনিম ও ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় খামেনির পাশাপাশি তার পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তথ্য উদ্ধৃত করে জানানো হয়, যুক্তরাষ্ট্রের উন্নত ট্র্যাকিং প্রযুক্তি ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাকে লক্ষ্যবস্তু করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম খামেনির মৃত্যুর দাবি করেন। তিনি এটিকে ইরানের জন্য “পুনর্গঠনের সুযোগ” বলে মন্তব্য করেন। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, অভিযানে রেভল্যুশনারি গার্ডের শীর্ষ কমান্ডারসহ গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক কর্মসূচির কর্মকর্তারাও নিহত হয়েছেন।

প্রথমদিকে তেহরান এই খবরকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে অস্বীকার করলেও পরে রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে হামলার প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরায়েলি স্বার্থে পাল্টা আঘাত হানার ঘোষণা দিয়েছে ইরান।

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনির হাতে দেশটির সামরিক, বিচার ও গোয়েন্দা কাঠামোর ওপর সর্বোচ্চ কর্তৃত্ব ছিল। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি মৃত্যুবরণ করলে ১৯৮৯ সালে তিনি দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং দীর্ঘ সময় ধরে ইরানের নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করেন।

ঘটনাটি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে এবং আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে বলে বিশ্লেষকদের ধারণা।

বাংলাধারা/এসআর