ইকরার দাফন সম্পন্ন, শেষ বিদায়েও অনুপস্থিত স্বামী জাহের আলভী
প্রকাশিত: মার্চ ০১, ২০২৬, ০৮:১৬ রাত
ছবি: সংগৃহিত
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মরদেহ নিজ জেলা ময়মনসিংহর ভালুকা উপজেলায় নিয়ে যাওয়া হয়। রোববার বিকেল ৫টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্র জানিয়েছে, নেপাল থেকে স্বামী জাহের আলভীর ফেরার অপেক্ষায়ই জানাজার সময় বিকেল ৫টা নির্ধারণ করা হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে দাফন সম্পন্ন হলেও তিনি উপস্থিত হননি।
এদিকে ইকরার মৃত্যুর ঘটনায় তার স্বামী জাহের আলভী, অভিনেত্রী ইফফাত আরা তিথি এবং আলভীর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেছেন ইকরার মামা শেখ তানভীর আহমেদ।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আলমগীর জাহান জানান, অভিযোগটি গ্রহণ করে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় আলভী ছাড়াও তার পরিবারের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে, যার মধ্যে অভিনেতার মা-ও রয়েছেন। তিনি বলেন, ঘটনার বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি চলছে।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে স্বামীর পরকীয়া ও নির্যাতনের অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার ঘটনাও আলোচনায় এসেছে। বিষয়টি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা চলছে।
উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী ও ইকরা। তাদের সংসারে রিজিক নামের এক পুত্রসন্তান রয়েছে।
বাংলাধারা/এসআর
