বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ৫০ মিনিট আগে, ০৭:৪৩ পিএম

অনলাইন সংস্করণ

কোয়েলের দলবদল, তৃণমূল ভুলে বিজেপির ডেরায় অভিনেত্রী

ছবি; সংগৃহিত

কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। সেটারই যেন প্রমাণ দিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। ছিলেন তৃণমূল কংগ্রেসের সমর্থক। শুধু সমর্থকই নয়, এই দলের হয়ে রাজ্যসভার সদস্য হয়ে গিয়েছিলেন সংসদে। অথচ ক্ষমতার পালাবদলে এখন কোয়েলও পাল্টালেন ভোল। তৃণমূল ভুলে ভিড়েছেন বিজেপির ডেরায়। এই দলের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় পাওয়া গেল কোয়েলের নাম। তৃণমূলত্যাগী তিন রাজনীতিককে আগেই রাজ্যসভার সদস্য করেছে বিজেপি। গুঞ্জন ছিল, কোয়েলও যুক্ত হবেন এই মিছিলে। আজ রবিবার (৪ অক্টোবর) সেই গুঞ্জনই সত্য হয়ে গেল। তৃণমূলের হয়ে যে আসনে রাজ্যসভার সদস্য হয়েছিলেন, সেই আসনেই এবার তিনি বিজেপির প্রতিনিধি!
কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজিত হয় তৃণমূল। তখন থেকেই ভাঙন শুরু হয় দলে। অনেক চেনা মুখ এই দল থেকে সরে এসেছে। ১৬ জুলাই দিল্লিতে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল। তার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন।
কোয়েলের ছেড়ে দেওয়া সেই আসনেই ১৬ অক্টোবর হবে উপনির্বাচন। আর তাতে বিজেপির হয়ে প্রার্থী থাকছেন খোদ কোয়েল।
উল্লেখ্য, দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় নিয়েই মনোযোগী ছিলেন কোয়েল মল্লিক। জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন। তবে এখন কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন। পা রেখেছেন রাজনীতির মাঠে। আর সেখানেই দেখালেন ‘দল বদলের’ খেলা।

বাংলাধারা/ডেস্ক

মন্তব্য করুন