ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

জয়-পরাজয় আল্লাহর হাতে : মিনু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১১:৩২ দুপুর  

ছবি: সংগৃহিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, জয়-পরাজয় আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত হলেও জনগণের সমর্থনের ভিত্তিতে রাজশাহীর ছয়টি আসনসহ বিভাগের ৩৯টি আসনেই বিএনপি বিপুল ব্যবধানে বিজয়ী হবে বলে তিনি প্রত্যাশা করছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্রে ভোট দেন মিনু। ভোটদান শেষে কেন্দ্র প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

মিনু বলেন, দেশের জন্য একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠাই তাদের প্রধান লক্ষ্য। তিনি অভিযোগ করে জানান, ভোটের দিন কিছু কেন্দ্রে একটি দলের লোকজন প্রবেশের চেষ্টা করেছে, তবে বিষয়টি বড় কোনো ঘটনা নয় এবং আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, তাদের সময় দেশে উন্নয়ন ও জনসেবা নিশ্চিত হয়েছিল। জনগণকে শাসন বা শোষণ নয়, বরং সেবার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নের চেষ্টা করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

ভোটের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে মিনু বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনার খবর থাকলেও সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি এ আসনের মানুষের পাশে রয়েছেন এবং এলাকার প্রবীণরা তাকে সন্তানের মতো স্নেহ করেন, মায়েরা দোয়া করেন এবং তরুণরা আন্দোলন-সংগ্রামে পাশে থেকেছেন। জনগণের এই ভালোবাসাকেই তিনি তার সবচেয়ে বড় শক্তি ও প্রাপ্তি বলে মনে করেন।

সবশেষে তিনি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জনগণের রায়ই চূড়ান্ত—সেই রায়কে সম্মান জানানোই গণতন্ত্রের মূল চেতনা।

বাংলাধারা/এসআর