ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

শ্রদ্ধার ফুলে স্মরণে বীর শহীদরা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ১০:৪৫ দুপুর  

ছবি: সংগৃহিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে জাতির বীর শহীদদের। সকাল থেকেই শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে উঠেছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শহীদ বেদী ভরে উঠতে শুরু করে ফুলে ফুলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষজন হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হন এখানে। স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা দলবদ্ধভাবে এসে শ্রদ্ধা নিবেদন করেন জাতির বীর সন্তানদের প্রতি।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের মানুষ একে একে প্রবেশ করে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। চারদিকে যেন এক আবেগঘন পরিবেশ নীরবতা আর শ্রদ্ধায় মিশে থাকে কৃতজ্ঞতার প্রকাশ।

মানিকগঞ্জ থেকে আসা স্কুলশিক্ষক রবিউল আলম বলেন, “প্রতিবছরের মতো এবারও আমি শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা এই স্বাধীন দেশ পেয়েছি। তাদের কাছে আমরা চিরঋণী।”

একই অনুভূতির কথা জানান কলেজছাত্রী তানজিন আফরোজা। তিনি বলেন, “বন্ধুদের সঙ্গে স্মৃতিসৌধে এসেছি। আমাদের শহীদদের জন্য আমরা গর্বিত। তাদের জীবনের বিনিময়েই আজকের বাংলাদেশ। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে আসা।”

এর আগে ভোর ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর, সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। নীরবতায় কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারা স্মরণ করেন শহীদদের আত্মত্যাগ।

স্বাধীনতার ৫৫ বছরে দাঁড়িয়ে জাতি আবারও স্মরণ করছে সেই মহান আত্মত্যাগ, যার বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। শ্রদ্ধা আর ভালোবাসায় ভাসছে স্মৃতিসৌধ, যেন পুরো জাতি একসঙ্গে বলছে, “আমরা তোমাদের ভুলিনি।”

বাংলাধারা/এসআর