চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ: নিহত ২, গুরুতর আহত ৩
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১০:১৭ দুপুর
ছবি: সংগৃহিত
চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম ওয়াসিম ফিরোজ।
পুলিশ জানায়, ভোরে মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে একদল দুষ্কৃতকারী ককটেল তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিল। তারা বিস্ফোরক প্রস্তুতের সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে ঘটনাস্থলেই দুইজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান। নিহতদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।
বিস্ফোরণে গুরুতর আহত হন তিনজন, ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এ স্থানান্তর করা হয়।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় অভিযান জোরদার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পরিকল্পিতভাবে নাশকতার উদ্দেশ্যে ওই বাড়িতে বিস্ফোরক তৈরি করা হচ্ছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় নিশ্চিত করতে বিভিন্ন সূত্র যাচাই করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নিরাপত্তা জোরদার রাখা হয়েছে।
এই বিস্ফোরণের ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয়, বরং এলাকায় অবৈধ বিস্ফোরক তৈরির সম্ভাব্য নেটওয়ার্ক রয়েছে কি না, তা নিয়েও নতুন করে প্রশ্ন তৈরি করেছে। তদন্ত শেষ হলে ঘটনার পেছনের প্রকৃত উদ্দেশ্য ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাধারা/এসআর
