খুলনায় নিজের অস্ত্রের গুলিতে রেলওয়ে পুলিশের সদস্য নিহত
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৬, ০২:৩৬ দুপুর
ছবি: সংগৃহিত
খুলনায় কর্তব্যরত অবস্থায় নিজের অস্ত্রের গুলিতে রেলওয়ে পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় পর্যায়ে অবস্থিত রেলওয়ে জেলা পুলিশ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাসিন্দা। তিনি শৈলেন বিশ্বাসের ছেলে।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে পুলিশ-এর পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান। তিনি জানান, সম্রাট বিশ্বাস ভোরের দিকে অস্ত্রাগার এলাকায় (ম্যাগাজিন গার্ড) দায়িত্ব পালন করছিলেন। আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে তিনি নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন।
প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার সঠিক কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাধারা/এসআর
