ডিজেলের দাম বাড়ায় বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক, সিদ্ধান্ত শিগগিরই
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:২২ রাত
ছবি: সংগৃহিত
জ্বালানি ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির পর বাস ও ট্রাকের ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং পরিবহন মালিকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সদস্যরা অংশ নেন।
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ঢাকাসহ সারা দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি আলোচনায় রয়েছে। মালিক সমিতির পক্ষ থেকে একটি ভাড়া প্রস্তাব উপস্থাপন করা হবে, যা পরবর্তীতে বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন-এর শীর্ষ নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় রেখে ভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে একদিকে পরিবহন খাত টেকসই থাকে এবং অন্যদিকে যাত্রীদের ওপর চাপও সহনীয় পর্যায়ে রাখা যায়।
বাংলাধারা/এসআর
