ঢাকা, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

খাল খনন কর্মসূচির উদ্বোধনে যশোর ও সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৮:২৭ রাত  

ছবি: সংগৃহিত

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে শিগগিরই দেশের দুটি জেলায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৭ এপ্রিল যশোর এবং ২ মে সিলেট সফরের কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত পানি ব্যবস্থাপনাবিষয়ক কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

সভায় পানিসম্পদ প্রতিমন্ত্রী, খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সম্ভাব্য বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে মন্ত্রী জানান, বর্ষা মৌসুমে বন্যা ও প্লাবনের ঝুঁকি মাথায় রেখে আগাম প্রস্তুতির বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে। পানি ব্যবস্থাপনার উন্নয়ন ও ঝুঁকি হ্রাসে নেওয়া পরিকল্পনাগুলোর দিকনির্দেশনাও দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে সচিবালয়ে সপ্তাহের প্রথম কার্যদিবসের প্রথম সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা আশা করছেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে।

বাংলাধারা/এসআর