ঢাকা, শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

ফিনিশিংয়ে ঝোড়ো ব্যাটিংয়ের রহস্য জানালেন সোহান

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৬, ১১:২৯ দুপুর  

ছবি: সংগৃহিত

অদম্য টি-টোয়েন্টি কাপে দুর্বার একাদশের জয়ের নায়ক নুরুল হাসান সোহান। ৪৪ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেই ধূমকেতুর কাছ থেকে একাই ম্যাচ ছিনিয়ে নেন তিনি। বিশেষ করে শরিফুল ইসলামের করা ১৯তম ওভারে ২৬ রান আদায় করে দলকে জয়ের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেন এই উইকেটরক্ষক ব্যাটার। শেষ পর্যন্ত ৩ বল ও ২ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দুর্বার একাদশ।

ম্যাচ শেষে নিজের ঝোড়ো ফিনিশিংয়ের রহস্য তুলে ধরেছেন সোহান। তিনি জানান, সুযোগ পেলে তা কাজে লাগানোর আত্মবিশ্বাসই তার বড় শক্তি। শরিফুল ইসলামের ওভার নিয়ে সোহান বলেন,ওই সময় আমার কাছে মনে হচ্ছিল, পরিস্থিতিটা এমন যে সুযোগটা আমারই নেওয়া উচিত। আমি সেটাই করার চেষ্টা করেছি। নিজেকে যদি সুযোগ দিতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসটা কাজ করে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ধূমকেতু নির্ধারিত ২০ ওভারে ১৫৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে অধিনায়ক লিটন দাস ৩৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও সোহানের ব্যাটে ভর করেই টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নেয় দুর্বার একাদশ।

নিজের ব্যাটিং প্যাটার্ন ও ইনিংস গড়ার বিষয়টি ব্যাখ্যা করে সোহান বলেন, যেহেতু ইনিংসটা লম্বা করার সুযোগ পেয়েছিলাম, তাই সেট হয়ে গিয়েছিলাম। শেষদিকে যখন এমন সুযোগ আসে, তখন আত্মবিশ্বাসটা অনেক কাজে দেয়। পরিস্থিতি বুঝে খেলাটা জরুরি-৩, ৪ বা ৫ বল থাকলে কী করতে হবে, আবার সময় পেলে কীভাবে ইনিংসটা গুছিয়ে নিতে হবে, এগুলো মাথায় রাখি।

প্রতিপক্ষ ধূমকেতুর দলটিকে ভারসাম্যপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গড়া স্কোয়াড হওয়ায় ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

জাতীয় দলের যে স্কোয়াডটা আছে, আমার মনে হয় সেটা অনেক ব্যালান্সড। ভালো বোলার আছে, ভালো ব্যাটার আছে। ভালো একটা ম্যাচ হয়েছে। সামনে আরও ম্যাচ আছে, চেষ্টা থাকবে আরও ভালো খেলার।

ফিনিশার হিসেবে নিজের ভূমিকা প্রসঙ্গে সোহান আরও বলেন, নিজেকে যদি সময় দিতে পারি, ইনিংস গুছিয়ে নেওয়ার সুযোগ থাকে। অল্প সময়ের জন্য ব্যাট করলে যে কারও জন্যই কাজটা কঠিন হয়ে যায়। উপরের দিকে ব্যাট করা আমার হাতে নয়, তবে ঘরোয়া লিগে সুযোগ পেলে সেটা কাজে লাগানোর চেষ্টা করি।

ঝোড়ো এই ইনিংসের মাধ্যমে অদম্য টি-টোয়েন্টি কাপে দুর্বার একাদশের শুরুর ম্যাচেই আত্মবিশ্বাসের বড় জোগান দিলেন নুরুল হাসান সোহান।

বাংলাধারা/এসআর