প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ
পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের স্থায়ী ব্যবস্থা, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা নিশ্চিত করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সের ক্ষেত্রেও টোল-ফ্রি সুবিধা চালু করা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি জানিয়েছে, রোগী পরিবহন সেবাকে নির্বিঘ্ন রাখতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। অন্যথায় দেশব্যাপী অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
ধর্মঘট কার্যকর হলে জরুরি রোগী পরিবহন সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংগঠনের মধ্যে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন