বাংলাধারা রিপোর্ট

প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:২৬ পিএম

অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশি, পাঁচজনই নারায়ণগঞ্জের

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনই নারায়ণগঞ্জের বাসিন্দা এবং অপর একজন মুন্সিগঞ্জ জেলার রিকাবিবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় স্বজনদের মধ্যে শোকের মাতম নেমে এসেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জুলাই) রাত প্রায় ৩টার দিকে ইস্টার্ন কেপের কুইন্সটাউন এলাকায় একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই ছয় বাংলাদেশির মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের এবং একজন পাশের বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা। অপর নিহত ব্যক্তি মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। তারা সবাই পরস্পরের আত্মীয় ছিলেন এবং একসঙ্গে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী বলেন, নিহত ছয়জনের মধ্যে চারজন তার ইউনিয়নের বাসিন্দা। বাকি দুজনের মধ্যে একজন বক্তাবলী ইউনিয়নের এবং অন্যজন মুন্সিগঞ্জের। সবাই আত্মীয় হওয়ায় এ ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তিনি বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। একসঙ্গে একই পরিবারের ও আত্মীয়স্বজনের এতজনকে হারানোর খবর পুরো এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে।”

তবে এখন পর্যন্ত এ বিষয়ে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি। এছাড়া নিহতদের পরিবারের পক্ষ থেকেও প্রশাসনের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

একই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত জানতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

বাংলাধারা/শারমিন 

 

মন্তব্য করুন