প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
জাতীয় সংসদে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি বর্তমান বৈশ্বিক ভূ-রাজনৈতিক বাস্তবতায় দুই দেশের কৌশলগত সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বৈঠকের কার্যক্রম শুরু হয়। পরে সদস্যদের পরিচিতি পর্ব শেষে দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়।
বৈঠকে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. হাসান রাজীব প্রধান, জহরত আদিব চৌধুরী, মাহমুদা হাবীবা, মোহাম্মদ নাজিবুর রহমান, মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ এবং মো. আবুল হাসনাত অংশ নেন।
আলোচনায় ঢাকা ও বেইজিংয়ের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে বর্তমান বিশ্ব ভূ-রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান ভূমিকা ও কৌশলগত গুরুত্ব নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
এ সময় দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর বৃদ্ধি এবং বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকৃষ্ট করার ওপর জোর দেন সদস্যরা।
বৈঠকে বক্তারা বলেন, সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও গতিশীল করা গেলে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং উন্নয়ন অংশীদারিত্বের নতুন সুযোগ সৃষ্টি হবে।
বাংলাধারা/শারমিন
মন্তব্য করুন