ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান: সুযোগ পেলে গড়ব সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ
প্রকাশিত: ফেব্রুয়ারি ০৭, ২০২৬, ০২:৩১ দুপুর
ছবি: সংগৃহিত
বিএনপি সব সময় দেশ ও জনগণের স্বার্থে কাজ করে এসেছে উল্লেখ করে দলটির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এবার সরকার গঠনের সুযোগ পেলে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। দুই দশকেরও বেশি সময় পর ঠাকুরগাঁওয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারেক রহমান। এবার তিনি এসেছেন বিএনপির চেয়ারম্যান হিসেবে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট চাইতে।
সকাল সাড়ে ১১টার দিকে জনসভাস্থলে পৌঁছান তারেক রহমান। তার উপস্থিতিতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জনসভাস্থল ও আশপাশের এলাকা। নেতাকর্মী ও সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
জনসভার শুরুতে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে।
এরপর বক্তব্যে তারেক রহমান উন্নয়ন ও কল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, “বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণও পরিশোধের দায় থেকে মুক্তি দেওয়া হবে।”
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনায় জনগণের কোনো লাভ নেই। জনগণ চায় নিজেদের জীবনমানের পরিবর্তন। বিএনপি সেই পরিবর্তনের পথ দেখাতে চায়।
ঠাকুরগাঁও ও উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, পিছিয়ে পড়া এই অঞ্চলের কৃষি ও শিল্প খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয়, একটি মেডিকেল কলেজ, কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা স্থাপন করা হবে। পাশাপাশি পুরোনো বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে তারেক রহমান বলেন, “আমরা শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের মর্যাদা, ভোটাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে চাই। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে গড়ে উঠবে একটি মানবিক, গণতান্ত্রিক ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ।”
জনসভা শেষে ঠাকুরগাঁওসহ আশপাশের কয়েকটি সংসদীয় আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।
নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে জনসভা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তারেক রহমান। প্রতিটি জনসভায় তিনি সাধারণ মানুষের কথা শুনছেন এবং উন্নয়ন ও সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন। বিএনপি চেয়ারম্যানের ভাষ্য, জনগণের প্রত্যাশা পূরণ করাই হবে নতুন বাংলাদেশের মূল লক্ষ্য।
বাংলাধারা/এসআর
